ডাকাত সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ গ্রামবাসী। বুধবার রাত ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের বদরপুরে এ ঘটনা ঘটে।

ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় এলাকাবাসী তিন ডাকাতকে আটক করে গণপিটুনি দেয়। এতে তাদের মৃত্যু হয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের মৃতদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের ওয়ার্ড মাস্টার আরিফ ইসলাম।

স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে এলাকাবাসী ডাকাত সন্দেহে তিন ব্যক্তিকে বদরপুর এলাকা থেকে আটক করে। পরে এলাকাবাসী জোট হয়ে ডাকাত সন্দেহে তাদের গনপিটুনি দেয়। রাত ১১টার দিকে তাদের মৃত্যু হয়।

কৈজুরী ইউনিয়নসহ আশপাশের কয়েকটি গ্রামে সম্প্রতি ডাকাতির ঘটনা বেড়ে গেছে। বেশ কয়েকদিন ধরে এলাকাবাসী ডাকাতদের ধরার জন্য ওৎ পেতে ছিল। এরই ধারাবাহিকতায় রাতে ডাকাত সন্দেহে ওই তিনজনকে আটক করে গণপিটুনির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এলাকাবাসী।
এআর