দোকান বসানোকে কেন্দ্র করে রাজধানীর আজিমপুর ছাপড়া মসজিদ বাজারে প্রতিপক্ষের হামলায় আহত ব্যবসায়ী সাবুউদ্দিন সাবু (৪৫) নিহতের ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

রোববার তাদের আটক করে লালবাগ থানা পুলিশ। আটককৃতরা হলেন- মফিজ, মাসুম, আলম, বাবু, আনোয়ার এবং আলমগীর। লালবাগ খানার ডিউটি অফিসার তারেক তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুই দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার সকাল সাড়ে ৭টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান ব্যবসায়ী সাবু।

ছাপড়া মসজিদ এলাকায় দোকান বসানোকে কেন্দ্র করে স্বতন্ত্র সংসদ সদস্য হাজী সেলিম গ্রুপ ও মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল।

এর সূত্র ধরে গত শুক্রবার দুপুরে হাজী সেলিম গ্রুপের ব্যবসায়ী সাবু বাজারে গেলে মোস্তফা গ্রুপের মো. আলম, মফিজ, তোতা ও মোল্ল্যা মাসুমসহ ১০-১২ জন তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায়, ডান হাতে ও কোমরে ছুরিকাঘাত করে।

আহত অবস্থায় রোববার সকাল ৭টায় তিনি মারা যান। নিহত সাবুউদ্দিনের বাবার নাম মৃত আব্দুল জলিল। তিনি লালবাগের কাশ্মেরি তলার ১২/৩ নম্বর বাসায় থাকতেন।

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর