হজ নিয়ে বিরূপ মন্তব্য করায় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর অপসরাণ দাবি করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

মঙ্গলবার দুপুরে নগরীর লালখান বাজার এলাকার একটি হোটেলে মহানগর জাতীয় পার্টির এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, লতিফ সিদ্দিকী মন্ত্রীসভার একজন সদস্য হয়েও যে মন্তব্য করেছেন তাতে বাংলার ধর্মপ্রাণ মানুষকে আহত হয়েছে। এ বক্তব্যের মাধ্যমে তিনি সংবিধান লঙ্ঘন করেছেন, তার সংসদ সদস্যপদ থাকতে পারে না। তাকে অবিলম্বে মন্ত্রীসভা থেকেও অপসারণ করতে হবে।

তিনি বলেন, ধর্ম যার যার, দেশ সবার। জনগণের ধর্মানুভূতিতে আঘাত করার অধিকার কারো নেই।

সভায় লতিফ সিদ্দিকীর বক্তব্যের প্রতিবাদ ও অপসারণের দাবিতে আগামীকাল বুধবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দেন জাতীয় পার্টি মহাসচিব।

দেশে গুম-হত্যা-অরাজকতা চলছে দাবি করে সভায় বাবলু বলেন, উন্নয়ন করলেই হবে না, সুশাসন নিশ্চিত করতে হবে। দেশে ২২ বছর ধরে দেশে হত্যা, গুম, টেন্ডারবাজি, ধর্ষণ, সন্ত্রাসের রাজত্ব চলছে। দেশবাসী এ অবস্থা থেকে পরিত্রান চায়। তাদের মুক্তির জন্য তিনটি জিনিশ দরকার- জব, জাস্টিজ, জাতীয় পার্টি।

সভায় দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে ঈদুল আযহার পর সারাদেশে জাতীয় পার্টি মাঠে নামবে বলে ঘোষণা দেন সংগঠনের এই নেতা।

নগর জাতীয় পার্টির সভাপতি মাহজাবীন মোরশেদের সভাপতিত্বে কর্মীসভায় কেন্দ্রীয় সহ-সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিমসহ নগর শাখার শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

গত রোববার বিকালে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি হোটেলে টাঙ্গাইল সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় কালে হজ ও তাবলিগ জামাত নিয়ে বিরূপ মন্তব্য করেন লতিফ সিদ্দিকী।

জেআই,