চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ওপর হামলার অভিযোগে শেরপুরের শ্রীবরদীর পৌর মেয়র আবু সাইদকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে তার বিরুদ্ধে মামলার নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

নির্বাচন কমিশনার আবু হাফিজ বলেন, আবু সাইদকে বরখাস্ত করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে নির্বাচনী অনিয়মের কারণে সংশ্লিষ্ট থানা পুলিশকে মামলা দায়েরের নির্দেশনাও দেওয়া হয়েছে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. সামসুল আলম বলেন, কমিশন নির্দেশনা দিয়েছে। এখন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হবে।

গত ৩১ মার্চের দ্বিতীয় ধাপের নির্বাচনের সময় আচরণ বিধি লঙ্ঘন করলে আবু সাইদকে নিষেধ করেন ইউএনও হাবিবা শারমিন।

এরপর শারমিনকে হুমকিও দেওয়া হয় বলে শেরপুর জেলা প্রশাসককে অভিযোগ করেন তিনি। সে অভিযোগ মন্ত্রিপরিষদ হয়ে ইসিতে আসলে সাইদের বিরুদ্ধে ওইসব ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।

ওএফ