বরিশালের বাকেরগঞ্জে নাতির ধারালো দায়ের কোপে নানির মৃত্যু হয়েছে। মৃতের নাম সেতারা বেগম। তার বয়স আনুমানিক ৬০ বছর। মঙ্গলবার বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সেতারা বেগম বাকেরগঞ্জ উপজেলার পোরাতিনা গ্রামের বাসিন্দা ইসমাইল শরীফের স্ত্রী। ঘাতক সুজন সেতারা বেগমের মেয়ে পারভিন বেগমের ছেলে।
বাকেরগঞ্জ থানার এসআই মোশারেফ হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে পারিবারিক কলহের জের ধরে নানি সেতারা বেগমের সঙ্গে নাতি সুজনের (১৮) বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নাতি সুজন ক্ষিপ্ত হয়ে ধারালো রামদা দিয়ে নানি সেতারা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। বাড়ির লোকজন গুরুতর আহত সেতারা বেগমকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।
মঙ্গলবার বিকেলে নিহতের লাশ ময়নাতদন্তে জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় বিকেল পর্যন্ত থানায় মামলা না হলেও। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা, ৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





