রাজধানী ঢাকার কদমতলিতে আবদুল্লাহ নামে ৭ বছরের এক শিশুকে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয়েছে। কদমতলি থানার পিএসআই জাকিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জাকিরুল ইসলাম জানান, বুধবার বিকালে উজালা ম্যাচ ফ্যাক্টরির পাশে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ গিয়ে ওই শিশুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবদুল্লাহ তার পরিবারের সঙ্গে ঢাকা থাকতো। তাদের বাড়ি বরিশাল সদর থানার আন্দারমানিক গ্রামে। তার বাবার নাম গোলাম মোস্তফা।

আবদুল্লাহর মা আয়েশা বেগম জানান, দুপুর আড়াইটার দিকে উজালা ম্যাচ কারখানার সামনে মুখ ও মাথার বাম পাশে থেঁতলানো অবস্থায় তার ছেলেকে পাওয়া যায়।

তিনি বলেন, পুলিশের সহায়তায় উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে বিকাল পৌনে চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত. ঘোষণা করেন।

আয়েশা বেগম বলেন, ‘আমি স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এবং আব্দুল্লার বাবা স্থানীয় একটি বিদ্যুৎ অফিসে কাজ করে। আমাদের কোন শত্রু নেই। কে বা কারা আব্দুল্লাকে মেরেছে আমরা তা বলতে পারছি না।’ পুলিশ ঘটনাস্থলে থেকে একটি পাথর উদ্ধার করেছে বলে জানান তিনি।

জানতে চাইলে কদমতলি থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি।

তিনি জানান, এ বিষয়ে শিশুটির মা-বাবার সঙ্গে কথা বলা হচ্ছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এমবি/কেবি