শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮০০ গ্রাম স্বর্ণসহ মো. রাশেদ নামে একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। আটক রাশেদ তার অন্তর্বাসের ভেতর স্বর্ণ বহন করছিল। উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ৪০ লাখ টাকা। রাশেদ পেশায় ব্যবসায়ী এবং এ বছর আটবার বিদেশ ভ্রমণ করেছেন।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী কমিশনার উম্মে নাহিদা আক্তার বলেন, রাশেদের বাড়ি শরীয়তপুরে। তার পাসপোর্ট নম্বর-এএফ ২৪১৫২৮১। তিনি এমএইচ ১০২ ফ্লাইটে করে শুক্রবার দুপুর ১২টার দিকে বিমানবন্দরে এসে পৌঁছেন।

তিনি আরও বলেন, রাশেদ এই স্বর্ণগুলো সুমন নামে একজনের কাছে পৌঁছে দেয়ার জন্য অন্তর্বাসের ভেতর বহন করছিল। এ কাজের জন্য তিনি ১০ হাজার টাকায় চুক্তিবদ্ধ হন।

স্বর্ণ উদ্ধারের ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

কেএইচ