গাইবান্ধার পলাশবাড়ীতে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন।
আজ (শনিবার) সকালে উপজেলার নুনিয়াগাড়ী ও জুনদহ এলাকায় এ দুই দুর্ঘটনা ঘটে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, আজ (১০ মার্চ) সকাল ১০টার দিকে রংপুর থেকে গোবিন্দগঞ্জ গামী এস এন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পলাশবাড়ির দক্ষিণ বন্দর এলাকায় সরকার পাম্পের সামনে রাস্তার পাশে দাঁড়ানো একটি ট্রলিকে ধাক্কা দেয়। ওই ট্রলিতে ছিল ১৯ জন যাত্রী, যারা পেশায় সবাই রাজমিস্ত্রি। বাসের ধাক্কায় ট্রলিটি উল্টে গেলে ৩ জন নিহত হন এবং আহত হয় ১০ জন।
নিহতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার রুদ্রনগর গ্রামের রাজু মিয়া, খসরু মিয়া, আব্দুর রশিদ এবং লোনতলা গ্রামের জাকিরুল ইসলাম। আহতদের পলাশবাড়ী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
অন্যদিকে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, সকালে পলাশবাড়ী উপজেলার জনদহ নামক স্থানে রংপুরগামী রড বোঝাই একটি ট্রাক একজন সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৯জন নিহত ও ১০ আহত হয়। এরা সবাই রডবোঝাই ট্র্রাকের যাত্রী ছিল। তবে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। দুর্ঘটনার পর পরই ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান শুরু করে।
এমবি





