রাজধানীর কারওয়ান বাজার ও পূর্ব তেজতুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে তিন ভূয়া দন্ত চিকিৎসককে আটক ও জেল-জরিমানা করেছে র‌্যাব।

সাজাপ্রাপ্তরা হলেন- আক্তার হোসেন (৩৮), আব্দুল আওয়াল (২৪) ও মাওলানা জিএম ওয়াহিদ (৭০)।

বৃহস্পতিবার রাতে তাদের আটক করে র‌্যাব-২ এর একটি দল। অভিযানে র‌্যাব-২ এর উপ-পরিচালক মেজর সৈয়দ সালাহ উদ্দিন মাহমুদ ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নেতৃত্বে র‌্যাবের একটি দল অংশ নেয়।

এতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। এসময় স্বাস্থ্য অধিদফতরের উপ-পরিচালক ডাঃ স্বপন কুমার তপাদার উপস্থিত ছিলেন।

র‌্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি মারুফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর আল-মদিনা ডেন্টাল কেয়ার, শামীম ড্রাগ হাউজ ও ঢাকা ডেন্টাল কেয়ারে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব।

তিনি বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা, ডিগ্রী-ডাক্তারি সংক্রান্ত কাগজ পত্র দেখাতে না পারা এবং ডাক্তার সেজে মানুষের সঙ্গে প্রতারণা করার অভিযোগে আটক তিন ভূয়া দন্ত চিকিৎসকে জেল-জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এদের মধ্যে আক্তার হোসেনকে দুই বছরের কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ড, আব্দুল আওয়ালকে এক বছরের কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ড, মাওলানা জিএম ওয়াহিদকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।

এসএইচ