চলতি বছরের এপ্রিল মাসে গত তিন দশকের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশে। গতকাল (২৩শ এপ্রিল) পর্যন্ত ১১৯ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। মাসের বাকি সময়টা আর বৃষ্টি না হলেও স্বাভাবিকের তুলনায় এ মাসে ৬৮ শতাংশ বেশি বৃষ্টি থাকবে বলে আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে।
গত ৩৫ বছরের মধ্যে এবারের এপ্রিলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। এর আগে ১৯৮১ সালে সবচেয়ে বেশি বৃষ্টিপাত (১০ হাজার মিলিমিটার) হয়েছিল। বাংলাদেশে এপ্রিল মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ থাকে ৫ দশমিক ২৮৬ মিলিমিটার।
বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে পশ্চিমা লঘুচাপ দীর্ঘদিন যাবত সক্রিয় থাকায় অসময়ে বৃষ্টিপাত এবার বেশি হচ্ছে। গতমাসেও বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় বেশি ছিল বলে আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, কয়েকদিন ধরে দেশজুড়ে অস্বাভাবিক বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে হাওর অঞ্চলের মানুষ। এ মাসের শুরু থেকেই আকস্মিক বন্যার শিকার হয়েছেন তারা। এছাড়া রাজধানী ঢাকাতেও বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ বিশেষ করে মৌচাক-মালিবাগ এলাকার বাসিন্দারা।
এমএনজে





