মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তীর ওপর হামলার ঘটনায় আটক গোলাম সাইফুল্লাহ ফাহিমের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার মাদারীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইদুর রহমান এই আদেশ দেন।
এর আগে বিকেল পৌনে ৪টার দিকে ওই আদালতে ফাহিমকে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা বারিউল করিম খান জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পরে আদালত থেকে ফাহিমকে ব্যাপক পুলিশি প্রহরায় সদর থানায় নিয়ে যাওয়া হয়।
মাদারীপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) সুকদেব রায় জানান, হিন্দু শিক্ষকের ওপর হামলার মামলায় আটক ফাহিমকে জিজ্ঞাসাবাদ শেষে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
উল্লেখ্য, বুধবার বিকেলে সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রী হোস্টেলের সামনে কলেজ প্রভাষক রিপন চক্রবর্তীর ভাড়া বাসায় হামলা চালায় ৩ জন দুর্বৃত্ত। হামলা শেষে পালিয়ে যাওয়ার সময় গোলাম সাইফুল্লাহ ফাহিমকে (২০) আটক করেন জনতা। গুরুত অবস্থায় প্রভাষক রিপন চক্রবর্তীকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার রাতে পুলিশের পক্ষ থেকে এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।
এমআর





