রাজশাহী নগরীর বুলনপুর ঘোষপাড়া এলাকায় এক পুলিশ সদস্যের বাড়িতে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণী দিনের পর দিন ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার মধ্যরাতে ওই তরুণী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) মৃত সন্তান প্রসব করেছেন।

এর আগে সম্প্রতি গর্ভপাত ঘটানোর চেষ্টা করা হলে অসুস্থ হয়ে পড়েন বুদ্ধি প্রতিবন্ধী ওই তরুণী।

জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে রাজশাহী মহানগর পুলিশের কনস্টেবল আব্দুস সালামের বুলনপুর ঘোষপাড়া এলাকার বাড়িতে গৃহকর্মী হিসেবে নিয়োজিত ছিলেন ওই তরুণী। এসময় ওই পুলিশ সদস্যের ছেলে সোহাগ ওরফে বাঘা নানা প্রলোভনে তাকে ধর্ষণ করে আসছিলেন। এতে ওই তরুণী গর্ভবতী হয়ে পড়েন।

পরে বিষয়টি ওই পুলিশ পরিবার টের পেলে তার গর্ভপাত ঘটানোর চেষ্টা করে। এতে ওই প্রতিবন্ধী তরুণী অসুস্থ হয়ে পড়েন। এসময় প্রতিবেশীরা তা জেনে যায়।

বুধবার সন্ধ্যায় প্রতিবেশীরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করেন।

ওসিসির ইনচার্জ এসআই নাজমা বেগম এ তথ্য নিশ্চিত করে বলেন, ভিকটিম ওসিসিতে চিকিৎসাধীন। তার অবস্থা এখন আগের চেয়ে কিছুটা ভালো। বিষয়টি রাজপাড়া থানা পুলিশকে জানানো হয়েছে বলে জানান তিনি।

প্রতিবন্ধী ওই গৃহকর্মীর ছোট ভাই রাজু জানান, বুধবার তার বোনকে জোরপূর্বক নগরীর বর্ণালী এলাকায় একটি বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে তার গর্ভপাতের চেষ্টা চালানো হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে তাদের বাড়িতে পাঠিয়ে দেয় ওই পুলিশ পরিবার।

তিনি অভিযোগ করে বলেন, বিষয়টি প্রকাশ করলে তার বোনকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়ে আসছিলো ওই পুলিশ পরিবার।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ঘটনাটি শুনেছেন বলে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান।

ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ