নীলফামারীর জলঢাকা উপজেলা থেকে নিখোঁজ হওয়া ব্যাবসায়ী আরিফুজ্জামান সুমনকে (২৮) উদ্ধার করেছে জলঢাকা থানা পুলিশ।

আজ মঙ্গলবার সকালে রংপুর শহরের গ্র্যান্ড হোটেল থেকে তাকে উদ্ধার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, গত ৫মে জলঢাকা ইসলামী ব্যাংক শাখা থেকে টাকা তুলতে এসে নিখোঁজ হন ডিমলার পশ্চিম খড়িবাড়ী গ্রামের আরশাদুজ্জামানের ছেলে আরিফুজ্জামান সুমন।

এ ব্যাপারে তার ভাই হাসানুজ্জামান বাদী হয়ে গত ১২ মে জলঢাকা থানায় চারজনের নামে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ দেড় মাস পর অনেক অনুসন্ধান চালিয়ে অবশেষে রংপুর শহরের গ্র্যান্ড হোটেল থেকে তাকে উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, সুমনকে জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে তাকে কেউ অপহরন করেছিল নাকি নিজেই আত্মগোপনে ছিল। রংপুর থেকে নীলফামারী ফেরার পর এ বিষয়ে সুমনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ওই তদন্তকারী কর্মকর্তা সাংবাদিকদের জানান।

এমআর