সমুদ্র পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশে রওনা হওয়ার সময় সিরাজগঞ্জে দালালসহ ১৬ যুবককে আটক করেছে পুলিশ।

জেলার কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ধামকৈল বাজার থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার পুরান দোগাছি গ্রামের হাসান আলীর ছেলে কামরুল ইসলাম (২৭), একই এলাকার আব্দুর রহমানের ছেলে আল আমিন (২৪), আদম আলীর ছেলে হাসান (২৪), আব্দুল মজিদের ছেলে আব্দুল আলিম (২৯), আসাব আলীর ছেলে সুরুজ্জামান (৩৫), জিন্নত আলীর ছেলে জামান (২৮), মনছের আলীর ছেলে রফিকুল ইসলাম (২৬), শাহিন রেজার ছেলে জসিম (২৩) ও জহুরুল ইসলাম (২০), আলিম উদ্দিনের ছেলে হান্নান (২৫) ক্ষিদ্র ভদ্রঘাট গ্রামের হাসান আলীর ছেলে বদিউজ্জামান (৩০), একই এলাকার নুর মোহাম্মদের ছেলে সরোয়ার (৩০), মধ্য ভদ্রঘাট গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে বাবলু (২৮) ও একই এলাকার মুজিবুর রহমানের ছেলে নূরুল ইসলাম (২৮)।

এ ছাড়া মাইক্রোবাসের চালক আব্দুর রহিম (২৮) ও তার সহকারী আবুল হোসেনকেও (২৫) আটক করা হয়।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল উদ্দিন সরদার জানান, পাচারকারী চক্রের সদস্য কামারখন্দ উপজেলার ক্ষিদ্র ভদ্রঘাট গ্রামের হাসেন আলীর ছেলে নূরুল ইসলাম (৪০) মালয়েশিয়ায় থাকতেন। সম্প্রতি দেশে ফিরে অবৈধ পথে মালয়েশিয়ায় লোক নেওয়ার পরিকল্পনা করেন। জনপ্রতি দুই লাখ টাকার শর্তে কাগজপত্র ছাড়াই উপজেলার কয়েকটি গ্রামের ১৪ যুবককে নিয়ে বৃহস্পতিবার বিকালে রওনা হন নুরুল ইসলাম। সন্ধ্যায় স্থানীয় ধামকৈল বাজারের কাছ থেকে মাইক্রোবাসসহ তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দালাল নূরুল ইসলাম জানান, মাইক্রোবাসযোগে কক্সবাজার হয়ে ট্রলারে করে তাদের মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার কথা ছিল।

ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ