নড়াইলের নিভৃত পল্লীর নয়াবাজার শশার হাট জমে উঠেছে। সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের পচিশে গ্রামের নয়াবাজার শশার হাটে ট্রাক ট্রাক শশা বিক্রি হচ্ছে। জেলার বিভিন্ন অঞ্চল হতে এবং পার্শ্ববর্তী বিভিন্ন জেলা হতে ব্যবসায়ীরা এসে শশা কিনে নিয়ে যাচ্ছে। অল্প দিনের মধ্যে এ শশার হাট জনপ্রিয় হয়ে উঠেছে।

স্থানীয় বাজারে শষা বিক্রির সুযোগ পেয়ে এলাকার কৃষকদের মধ্যে শশা চাষের আগ্রহ বেড়েই চলেছে। তবে মারাত্মক অন্তরায় হয়ে দাঁড়িয়েছে শেখহাটি বাজার হতে নয়াবাজার পর্যন্ত ২ কিলোমিটার সড়ক। গত কয়েক দিনের বর্ষায় এ দুই কিলোমিটার কাচা সড়কের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়েছে।

যানবাহন চলা তো দুরের কথা, পায়ে হেটে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে। কোন যানবাহন না চলায় কৃষকরা তাদের উৎপাদিত শশা সহজে বাজারে উঠাতে পারছে না। প্রতিদিন এখান থেকে জেলার বিভিন্ন এলাকাসহ জেলার বাইরে ট্রাক ট্রাক শশার চালান যায়।

যান চলাচল করতে না পারায় শশার দাম একেবারে কমে গেছে। এতে হতাশ হয়ে পড়েছেন শশা চাষিরা। শশা বিক্রি করে জমি থেকে শশা ছিড়ে বাজারে আনা খরচও পাচ্ছে না অনেকে। আগে ২০ থেকে ২৫ টাকা কেজি দরে শশা বিক্রি হলেও এখন মাত্র ৫/৬ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে। অনেক দিন সে দামও পাওয়া যাচ্ছে না।

কারণ, কাদার মধ্যে কোন যানবাহন না চলায় ব্যাপারিরা আসতে চাচ্ছেন না। তাছাড়া কাদার কারণে মাথায় করে শ্রমিক দিয়ে শশার বস্তা বাজারে নিতে অনেক বেশি খরচ পড়ছে।

হাট কমিটির সভাপতি তছের শেখ জানান, মাত্র ২ কিলোমিটার কাচা সড়কের জন্য কৃষকদের চরম ভোগান্তি হচ্ছে। এ সড়কটা পাকা হলে কৃষকসহ এলাকবাসির দুঃখ দুর্দশা লাঘব হবে।

এআর