দিনাজপুরে বিরল উপজেলায় দুর্বৃত্তরা এক যুবককে কুপিয়ে হত্যা করেছে। নিহতের নাম গোলাম কিবরিয়া (৩৭)।

রোববার দিবাগত রাত ৯টার দিকে বিরল উপজেলার রানীপুকুর ইউনিয়নের রাঙ্গন হাড়িপুকুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত কিবরিয়া বিরল উপজেলার হালজায় গ্রামের মৃত আবদুল হান্নানের ছেলে।

পরিবারের লোকজন জানান, রাত ৯টার দিকে উপজেলার বহবলদিঘি বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন কিবরিয়া ও তার বন্ধু দুলাল হোসেন।

বাজার থেকে ২ কিলোমিটার দূরে রাঙ্গন হাড়িপুকুর নামক স্থানে পৌঁছলে একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে কিবরিয়াকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। এসময় মোটরসাইকেলের পেছনে থাকা তার বন্ধু দুলাল হোসেন পালিয়ে যান।

পরে স্থানীয়রা এসে কিবরিয়াকে উদ্ধার করে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শীতল চন্দ্র পাহান জানান, ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

বিরল থানার ওসি শেখ নাসিম হাবিব জানান, ঘটনা তদন্ত করে হত্যাকারীদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমআর