আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পাবনায় সরকার মনোনীত ও বিদ্রোহী প্রার্থীর মধ্যকার সংঘাতে ৪ জন আহত।
পাবনায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শামীমুল ইসলামের বাড়িতে দফায় দফায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে দলীয় মনোনীত প্রার্থীর সমর্থকরা। উক্ত ঘটনায় ৪ জন আহত হয়েছে বলে জানা যায়।
উল্লেখ্য পাবনার বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শামীমুল ইসলাম দাবি করেছেন হামলাকারীরা ৩টি মোটরসাইকেল ও নগদ ৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। শুক্রবার বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এসব হামলার ঘটনা ঘটে।
ইউপি নির্বাচনের অসংঙ্গতির কথা তুলে ধরে শামীমুল ইসলাম বলেন, ইউপি নির্বাচনে তৃণমূল নেতাদের মতামতকে উপেক্ষা করে টাকার বিনিময়ে দলীয় মনোনীত প্রার্থী হিসেবে ফারুক হোসেনকে মনোনয়ন দেয় উপজেলা আওয়ামী লীগ। এর প্রতিবাদে ও নেতা-কর্মীদের চাপে আমি বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়ে প্রচারণা চালাতে থাকি। প্রার্থী হওয়ার পর থেকে সরকার দলীয় প্রার্থীর সমর্থকরা বিভিন্নভাবে আমাকে ও আমার কর্মী সমর্থকদের হুমকি এবং প্রচারণায় বাধা দিয়ে আসছিল।
শামীমুল আরও বলেন, উক্ত ঘটনার জের ধরে শুক্রবার বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত তিন দফায় আমার তারাপুর গ্রামের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। তাদের মারধরে আমার মা মায়মুনা বেগম, স্ত্রী শাবানা খাতুন, ভাই রহম আলী, ভাতিজা আজিজুল আহত হন। তাদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হামলাকারীরা ভাঙচুরের সময় তিনটি মোটর সাইকেল ও ঘরের আলমারি ভেঙে নগদ ৫ লাখ টাকা লুট করে নিয়ে যায় বলেও দাবি করেন শামীমুল ইসলাম।
শামীমুলের বাড়িতে হামলার অভিযোগ সত্য নয় মন্তব্য করে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী ফারুক হোসেনের বলেন, শুক্রবার বিকেলে তারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আমার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জনসভার আয়োজন করা হয়। সেখানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাতেন, সাধারণ সম্পাদক আব্দুল কাদেরসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য দিচ্ছিলেন। এ সময় বিদ্রোহী প্রার্থী শামীমুলের ভাই অস্ত্রসহ লোকজন নিয়ে আমাদের জনসভাস্থলের পাশে কয়েকজন কর্মীর ওপর হামলা চালায়। এ সময় আলিম, রফিকুল, কেরামত, শরীফুল, রমজান, লুৎফরসহ কমপক্ষে ১০ জন আহত হয়। পরে আমাদের কর্মী-সমর্থকরা তাদের ধাওয়া করলে পালিয়ে যায়।
এদিকে বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ আহমেদ জানান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শামীমের বাড়িতে হামলা-ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এমআইএস।





