একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কিশোরগঞ্জের শামসুদ্দিন আহম্মেদকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ডিবি পুলিশের একটি দল ময়মনসিংহের নান্দাইল বাস কাউন্টার থেকে তাকে গ্রেফতার করে। রাত ৯ টার দিকে তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় নিয়ে আসা হয়।
ডিবি পুলিশের দাবি, আত্মগোপনের জন্য চট্টগ্রামের উদ্দেশ্যে তিনি যাত্রা করেছিলেন।
এর আগে বুধবার কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার দুই সহোদর নাছির উদ্দিন আহম্মেদ ও শামসুদ্দিন আহম্মেদের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে জমা দেয়া হয়।
গ্রেফতারকৃত শামসুদ্দিন আহম্মেদ কিশোরগঞ্জ জেলা বারের একজন আইনজীবী এবং করিমগঞ্জ উপজেলার করিমগঞ্জ মধ্যপাড়া (ডুলিপাড়া) গ্রামের মৃত আবদুর রাজ্জাক মুন্সির পুত্র। শামসুদ্দিন আহম্মেদ এবং তার বড় ভাই নাছির উদ্দিন আহম্মেদ একাত্তরে রাজাকার বাহিনীতে যোগ দিয়ে করিমগঞ্জের বিস্তীর্ণ এলাকায় যুদ্ধাপরাধে লিপ্ত হন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জেএ





