রাজধানীর কলাবাগানে বাসের ধাক্কায় তৃষ্ণা রানী (২৬) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক বলে জানা গেছে। আজ মঙ্গলবার বিকাল ৪টার দিকে আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কলাবাগান থানার এসআই রিয়াজ হাসান জানান, কলাবাগান বাস স্ট্যান্ডে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর লিংক নামের একটি বাসের ধাক্কায় তৃষ্ণা রানী গুরুত্ব আহত হন। পরে তাকে উদ্ধার করে আনোয়ার খান মেডিকেলে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তৃষ্ণা রানীকে ধাক্কা দেয়া বাসটি আটক করা হলেও তার চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানান তিনি।

নিহতের স্বামী কিংসুক ঘোষ জানান, তারা কলাবাগানের প্রথম লেকের ২৭ নম্বর বাসায় ভাড়া থাকেন। প্রতিদিনের মত আজও তৃষ্ণা রানী ঢাকা মেডিকেলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে কলাবাগান স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষায় ছিলেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এসএ/টাইম