জামালপুরে আবারও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দুই দিন কিছুটা কমার পর আবারও বাড়তে শুরু করেছে যমুনার পানি। গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি ৩ সেন্টিমিটার বেড়ে মঙ্গলবার সকালে বিপদসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
যমুনার পানি বাড়ায় দেওয়ানগঞ্জ, ইসলামপুর, সরিষাবাড়ি ও মাদারগঞ্জ উপজেলার আরো অন্তত ১৫টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। জেলায় ৩৫টি ইউনিয়নের দুই লক্ষাধিক মানুষ পানিবন্দি রয়েছে।
বন্যার কারণে আরও ৮টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এ পর্যন্ত জেলার ৭ উপজেলায় ১১৭টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলো।
এক সপ্তাহের বন্যায় পানিবন্দি মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। খাদ্য ও পানীয় জলের ব্যাপক সংকট দেখা দিয়েছে। পাশাপাশি গোখাদ্য সংকট চরমে উঠেছে। দুই লক্ষাধিক দুর্গত মানুষের জন্য প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত মাত্র ২৪ মোট্রক টন চাল আর ৫ লাখ টাকার শুকনো খাবার দেওয়া হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, এলাকায় ত্রাণের জন্য হাহাকার চলছে। কিন্তু পর্যাপ্ত ত্রাণ না পাওয়ায় তারা কিছুই করতে পারছেন না।
জেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, বন্যায় এ পর্যন্ত ১৪ হাজার ৩৮৬ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে।
জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান জানিয়েছেন, পর্যাপ্ত ক্রাণ সামগ্রী মজুদ আছে। প্রয়োজনে দুর্গত এলাকায় আরো ত্রাণ বরাদ্দ দেওয়া হবে।
ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





