গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই চাচাত ভাই নাহিদ মিয়া (৫) ও মুনির মিয়ার (৬) মৃত্যু হয়েছে।

উপজেলার তালুককানুপুর ইউনিয়নের পশ্চিম সমসপাড়া গ্রামে বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

নাহিদ মিয়া পশ্চিম সমসপাড়া গ্রামের আবদুল মতিনের ছেলে ও মুনির মিয়া তার ছোট ভাই মিন্টু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে নাহিদ ও মুনির বাড়ির পাশের নতুন পুকুর পাড়ে খেলা করছিল। বৃষ্টির কারণে পুকুরে পানি জমে ছিল। খেলার এক পর্যায়ে তারা দুজন পুকুরের পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে।

তালুককানুপুর ইউপি চেয়ারম্যান মো. মহসিন আলী এ তথ্য নিশ্চিত করে জানান, একই সঙ্গে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ওএফ