গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপি নির্যাতনকারী ক্রিকেটার শাহাদাত হোসেনকে গ্রেফতার করে দ্রুত বিচার আইনে নিষ্পত্তির দাবি জানানো হয়েছে।

একই সাথে নির্যাতিত হ্যাপির উন্নত চিকিৎসা ও তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে(৮ সেপ্টেম্বর)জাতীয় প্রেস ক্লাবের সামনে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক ও শ্রমিক নিরাপত্তা ফোরাম আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শিশু গৃহকর্মী হ্যাপিকে নির্মমভাবে নির্যাতন করার পর ক্ষমতার প্রভাব খাটিয়ে ক্রিকেটার শাহাদাত হোসেন মামলা থেকে রক্ষা পাওয়ার পাঁয়তারা করছে।

মামলা তুলে নিতে শাহাদাত হ্যাপির পরিবারকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে আসছে। শাহাদাত প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাকে গ্রেফতার করছে না। সরকারের একটি মহল শাহাদাতের হয়ে মামলা নিষ্ক্রিয় করতে তদন্তকারী কর্মকর্তার ওপর প্রভাব খাটাচ্ছে।

বক্তারা মামলাটি দ্রুত বিচার আইনে নিষ্পত্তি, শাহাদাতকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সাথে হ্যাপিকে উন্নত চিকিৎসা ও তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ সাহাতাদের পরিবার থেকে নিয়ে দেওয়ারও দাবি জানান।

বক্তারা আরও বলেন, শিশু নির‌্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় দেশে শিশু নির‌্যাতন আশংকাজনকহারে বেড়ে গেছে। একই সাথে সারাদেশে গৃহশ্রমিকদের উপর অব্যাহত নির‌্যাতনের কোন বিচার হচ্ছে না বলে দাবি করেন তারা।

বক্তারা বাংলাদেশ শ্রম আইনে গৃহশ্রমিকদের অন্তভূর্ক্ত করে ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১০’ দ্রুত অনুমোদন ও আইএলও কনভেনশনের ১৮৯ অনুসমর্থনের আহ্বান জানান।

মানববন্ধনে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) সমন্বয়কারী সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ যুগ্ম সমন্বয়কারী শাহ আবু জাফর, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট’র দপ্তর সম্পাদক খালেকুজ্জামান লিপন, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন উপদেষ্টা আবুল হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন।

এমএ/এসএইচ