পদ্মার মাওয়ায় ডুবে যাওয়া পিনাক-৬ লঞ্চের সার্ভে সার্টিফিকেট প্রদানকারী সমুদ্র পরিবহন অধিদফতরের প্রকৌশলী ও জাহাজ জরিপকারক মির্জা সাইফুর রহমানকে ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) করা হয়েছে।

তিনি সমুদ্র পরিবহন অধিদফতরের সদরঘাট টার্মিনাল ভবনে প্রকৌশলী ও জাহাজ জরিপকারক হিসাবে কর্মরত ছিলেন।

এর আগে লঞ্চডুবির ঘটনায় বিআইডব্লিউটিএ মাওয়া ঘাটের পরিবহন পরিদর্শক জাহাঙ্গীর ভূঁইয়াকে বরখাস্ত করা হয়।

গতকাল সমুদ্র পরিবহন অধিদফতরের মহাপরিচালক কমোডর জাকিউর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত এক নির্দেশনায় মির্জা সাইফুর রহমানকে ওএসডি করা হয়।

তার বিরুদ্ধে পিনাক-৬ লঞ্চের তিন দফায় অস্থায়ী জরিপ সার্টিফিকেট দেয়ার অভিযোগ রয়েছে। লঞ্চটি পরিদর্শন না করেই তিনি ঘুষের বিনিময়ে তিনি বিভিন্ন মেয়াদের তিনটি অস্থায়ী জরিপ সার্টিফিকেট দেন।

বিআইডব্লিউটিএ’র একটি সূত্র জানায়, লঞ্চডুবির ঘটনার পর বিআইডব্লিউটিএ’র মাওয়াঘাটের পরিবহন পরিদর্শক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া বাদি হয়ে পিনাক-৬ এর মালিক আবু বকর সিদ্দিক কালু মিয়া, চালক (সুকানি) গোলাম নবী বিশ্বাস, ইঞ্জিন অপারেটর সিরাজুল ইসলাম, কাওরাকান্দি ঘাট পরিচালনাকারী আব্দুল হাই সিকদারসহ ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। কিন্তু মাওয়া, কাওরাকান্দি ও সুরেশ্বর ঘাটে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনের বিষয়টি তদারকির দায়িত্বে ছিলেন জাহাঙ্গীর ভূঁইয়া। দায়িত্বে অবহেলার অভিযোগে তাকে বিআইডব্লিউটিএ বরখাস্ত করে।

ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ