কালবৈশাখী ঝড়ের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে চলাচলকারী ফেরি ও লঞ্চ চলাচল বিকাল ৫টা থেকে টানা আধা ঘণ্টা বন্ধ ছিল। এছাড়া ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ায় প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
এসময় সড়কের উভয় প্রান্তে যানবাহনের লম্বা লাইন সৃষ্টি হয়ে যাত্রী সাধারণের দুর্ভোগ পোহাতে হয়।
পাটুরিয়া ফেরি সেক্টরের সহকারী ম্যানেজার মহিউদ্দিন রাসেল জানান, প্রচণ্ড ঝড়ের কারণে বিকাল ৫টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত এই রুটে চলাচলকারী সবগুলো ফেরি বন্ধ রাখা হয়। পরে ঝড়ের তীব্রতা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। অপরদিকে একই সময় লঞ্চ চলাচলও আধাঘণ্টা বন্ধ থাকে।
সড়ক ও জনপথ বিভাগ ও পরিবহন শ্রমিক সূত্রে জানা গেছে, বিকাল ৫টার দিকে ঝড়ের কারণে ঢাকা-আরিচা মহা সড়কের বিভিন্ন স্থানে গাছ উপড়ে পরে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরিবহন শ্রমিক, যাত্রী ও স্থানীয় জনসাধারণ রাস্তা থেকে গাছ সরিয়ে নেওয়ার কাজে অংশ নেয়। প্রায় দেড় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
আরিচা এরিয়া পল্লী বিদ্যুৎ অফিসের ইনচার্জ হেমায়েত উদ্দিন জানান, ঝড়ের কারণে শিবালয় উপজেলার বিভিন্ন স্থানে পল্লী বিদ্যুতের বেশ কয়েকটি পিলার ক্ষতিগ্রস্ত হয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
তিনি আরও জানান, বিভিন্ন এলাকায় ঝড়ের সময় গাছ উপড়ে বিদ্যুৎ এর পিলারের ওপর পড়ে রয়েছে। এ কারণে পুরো শিবালয় উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
জেআই





