১০ জনকে হত্যার প্রতিবাদে মিরপুরের কালসিতে সড়ক অবরোধ করেছে বিহারীরা। রোববার দুপুরে সড়ক অবরোধ করে তারা। তবে সকাল থেকেই  বিক্ষোভ মিছিল করতে থাকে তারা।

সড়ক অবরোধকারীরা অভিযোগ করেন-বিহারীক্যাম্পে পুলিশী সহযোগিতায় এমপি ইলিয়াস মোল্লার লোকজন হামলা চালিয়ে এক শিশুসহ নয় বিহারীকে পুড়িয়ে ও এক বিহারী যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। মিছিল থেকে তারা স্থানীয় এমপি ইলিয়াস মোল্লার ফাঁসির দাবি করেন।

সকাল থেকেই তারা মাথায় কালো ও সাদা কাপড় বেঁধে মিছিল শুরু করেন। দুপুর পৌনে একটা থেকে মিছিলটি তীব্র আকার ধারণ করে। অনাকাঙ্খিত পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বিপুল পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

মিছিলে বিহারী নেতা স্টান্ডেড পাকিস্তানিজ জেনারেল রিপ্যাট্রিয়েশন কমিটির সভাপতি নিজামুদ্দিন বলেন, লাশগুলো আনার পর মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের ক্যাম্পে আমাদের দুঃখের কথা শুনতে না আসেন, স্থানীয় এমপি আমাদের উপর কি অত্যাচার শুরু করেছেন তা জানতে না আসেন তাহলে আমরা লাশগুলো নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করবো।

একই কমিটির প্রচার সম্পাদক খোরশেদ আলম জানান, আগুনে পুড়িয়ে আমাদের ক্যাম্পের লোকদের হত্যার দায়ে এমপি ইলিয়াস মোল্লাকে যথাযথ বিচার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে।

দুপুরে মিছিলকারীরা কালসি সড়কে মিছিল নিয়ে প্রদক্ষিণ করতে চাইলে পুলিশ তাদেরকে জলকামান দিয়ে বাধা দেয়।

ঢাকা, ১৫ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ