ফেনীতে ৭শ’বোতল ফেনসিডিলসহ চার জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

রোববার দুপুর ১টার দিকে শহরের মটবাড়ীয়া ব্রিজ (বড়পুল) এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় মাদক আনা-নেওয়ার কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও সিএনজি চালিত একটি অটোরিকশা জব্দ করা হয়।

আটকরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মালু মিয়ার ছেলে নুরুল আমীন (২৬), দক্ষিণ বেতিয়ারা গ্রামের নূর আহম্মদের ছেলে মীর কাশেম (৫০), একই গ্রামের জাফর আহম্মদের ছেলে সজীব (২৬) এবং সোনাগাজীর মঙ্গলকান্দি এলাকার সালেহ আহম্মদের ছেলে নোমান (৩৫)।

ফেনী র‌্যাব-৭ এর ক্যাম্প কমান্ডার মেজর মোজাম্মেল হোসেন এসব বিষয় নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মটবাড়িয়া ব্রিজ এলাকায় একটি প্রাইভেটকার ও একটি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় সাতশ’বোতল ফেনসিডিলসহ চারজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্ত থেকে দেশের বিভিন্ন এলাকায় ফেনসিডিল সরবরাহ করে আসছিলেন।

র‌্যাব জানায়, আটক চার ব্যক্তি ও উদ্ধার হওয়া মালামাল ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এমকে