দেশের মানুষ জঙ্গীবাদ ও হাঙ্গামা চায় না উল্লেখ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঈদ ও কোরবানীর হাটকে কেন্দ্র করে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা বরদাশত করা হবে না।
তিনি বলেন, হাটের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সিসি ক্যামেরা দিয়ে পুরো হাট পর্যবেক্ষণ করা হচ্ছে। জাল টাকা ধরতে মেশিন বসানো হয়েছে। প্রতারক চক্র ধরতে সাদা পোশাকধারী পুলিশ দায়িত্ব পালন করছে।
শনিবার বিকালে রাজধানীর গাবতলীর কোরবানীর পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, ডিএমপি কমিশনার বেনজির আহমেদ, পুলিশের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার, ডিএমপির মুখপাত্র মাসুদুর রহমান।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমাদের সার্বিক তত্ত্বাবধানে পুজা, ঈদ ও কোরবানীর হাটে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আজকে বিসর্জনের মধ্য দিয়ে দুর্গা পুজা সুষ্ঠুভাবে শেষ হচ্ছে।
ঈদ ও পুজা উপলক্ষে রাস্তা-ঘাটে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য হাইওয়ে পুলিশ, টুরিস্ট পুলিশ, নৌ পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে।
অজ্ঞান পার্টি বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অজ্ঞান পার্টির প্রধান হাজি ইমরানসহ এ পর্যন্ত ৮৬ জনকে আটক করেছে পুলিশ।
জেইউ/ এআর





