রোববার সন্ধ্যার কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে সারাদেশে সাড়ে ৬ হাজারের বেশি মোবাইল ফোনের টাওয়ার বিকল হয়েছে বলে জানা গেছে।
সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে বাংলালিংক এর চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তৈমুর রহমান জানান, তাদের প্রতিষ্ঠানের দেড় হাজার সাইট বর্তমানে বিকল রয়েছে।
তিনি বলেন,বিদ্যুৎ না থাকায় আমাদের ৯ হাজার মোবাইল নেটওয়ার্কের মধ্যে দেড় হাজারের মতো সাইট বন্ধ রয়েছে। এগুলোর মধ্যে ৩ হাজারের মতো সাইট জেনারেটর দিয়ে চালু রাখা হয়েছে।
এছাড়াও জানা যায়, দেশের সব মোবাইল ফোনের ৫০ শতাংশ নেটওয়ার্কে আজ সকাল ১১টা পর্যন্ত বিদ্যুৎ ছিলো না।
সূত্র জানায়, একই কারণে দেশের বড় দুটি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন এবং রবির অন্তত ৫ হাজার টাওয়ার বন্ধ রয়েছে।
রবির ভাইস প্রেসিডেন্ট ইকরাম আহমেদ জানান, পিডিবি বিদ্যুৎ না দেয়ায় তারা নেটওয়ার্ক সমস্যায় ভুগছে।
টেলিটক থেকে জানানো হয়েছে, ঝড়ের পর থেকে তাদের অন্তত আড়াইশো বেস ট্রান্স রিসিভার স্টেশন (বিটিএস) বন্ধ রয়েছে।
গতকাল (৩১ মার্চ) সন্ধ্যায় ঢাকা ও বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়।
এএস





