লক্ষ্মীপুরের রায়পুরে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে রায়পুর পৌর শহরের ৩নং ওয়ার্ডের হালিমা মাদ্রাসার পাশে এ ঘটনা ঘটে।
তারা দুজনেই হালিমা মাদ্রাসার দ্বিতীয় ও ৪র্থ শ্রেণির ছাত্রী ছিল। এদের মধ্যে মিম আক্তার (১০) রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের মিজানের মেয়ে ও সুমাইয়া আক্তার (৭) ময়মনসিংহ জেলার বাসিন্দা ভাড়াটিয়া নজরুল ইসলামের মেয়ে।
স্থানীয় কাউন্সিলর নাজমুল কাদের গুলজার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতাল থেকে দুই শিশুকে মৃত ঘোষণার পর স্বজনেরা দুই শিশুর মৃতদেহ তাদের বাড়িতে নিয়ে আসেন। এ সময় দুই পরিবারে শোকের ছায়া নেমে আসে।
নিহত দুই শিশুর স্বজনরা জানান, বিকেল থেকেই হালিমা মাদ্রাসার সংলগ্ন খোলা স্থানে প্রতিবেশী আরও কয়েকজন শিশুসহ সুমাইয়া ও মিম খেলা করছিল। খেলার সময় সুমাইয়ার পায়ে কাদা লাগলে সে পা পরিষ্কার করার জন্য মাদ্রাসার পাশের ডোবায় যায়।
এ সময় হঠাৎ পা পিছলে সে ডোবার পানিতে পড়ে ডুবে যায়। ডোবার তীরে দাঁড়িয়ে থাকা মিম তাকে উদ্ধার করতে গেলে সেও পানিতে পড়ে ডুবে যায়। পরে সেখানে থাকা অন্য শিশুরা চিৎকার করলে আশপাশের লোকজন গিয়ে দুজনকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে আসে। পরে দুই শিশুকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। এছাড়া প্রাথমিক তদন্তেও দুই শিশুর মৃত্যু নির্মম দুর্ঘটনা বলে প্রমাণ পাওয়া যায়। তাই মৃত দুই শিশুর লাশ ময়নাতদন্ত করা হয়নি।
এমআর





