দিনাজপুরের খানসামায় চিকিৎসকের অবহেলায় লুহিন নামে আড়াই বছরের এক শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতাল ঘেরাও করেছে শিশুর পরিবারের লোকজন।
সোমবার সকাল ১০টায় খানসামা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সাবিক হোসেন জানান, লুহিন সোমাবার সকাল সাড়ে ৮টায় বাড়ীর পার্শ্বে পুকুরপাড়ে খেলা করছিল। খেলার এক পর্যায়ে সে পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
লুহিনের পিতা মোঃ মিজানুর রহমান অভিযোগ করে বলেন, হাসপাতালে নিয়ে আসার পর কোন চিকিৎসকে পাওয়া যায় নি। বেশ কিছুক্ষণ পর চিকিৎসক আসেন এবং কোন চিকিৎসা না দিয়েই মৃত ঘোষণা করে লাশ নিয়ে যেতে বলেন। আমরা পরীক্ষা-নীরিক্ষার দাবি জানালে তিনি আমাদের সাথে খারাপ আচরণ করেন।
অভিযুক্ত চিকিৎসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোঃ কামাল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই সে মৃত্যুবরণ করেছে। এলাকাবাসী বিষয়টি না বুঝে আবেগ প্রবণ হয়ে এ ধরনের আচরণ করছেন। এখানে আমাদের কোন হাত নেই।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেবুর রহমান বলেন, এ ক্ষেত্রে যদি কোন অনিয়ম হয়ে থাকে তাহলে বিষয়টি দুঃখ জনক। সমস্যা সমাধানে উত্তেজিত জনতাকে নিয়ে আমরা একটি বৈঠক ডেকেছি। আশা করছি বিষয়টি দ্রুত সমাধান হবে।
খানসামা থানার ওসি কৃষ্ণ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আছে। সমস্যা সমাধানে আলোচনা চলছে।
এমই





