যাত্রীবাহী একটি লেগুনায় প্রেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এসময় যাত্রীরা দ্রুত নামার সময় আরেকটি লেগুনা লিটন (৩২) নামে এক যাত্রীকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

এছাড়াও সেসময় আশপাশের লেগুনাগুলো দ্রুত সরিয়ে নেয়ার সময় সংঘর্ষে অন্তত ৭টি লেগুনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার সকাল ৭টার দিকে রাজধানীর ডেমরার কোনাপাড়া কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে। আহত লিটনকে অজ্ঞান অবস্থায় কোনাপাড়া মেডি হোপ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে কয়েকজন দুর্বৃত্ত কোনাপাড়া কাঠেরপুল এলাকায় ডেমরা-যাত্রাবাড়ী সড়কে রানীমহল থেকে ছেড়ে যাওয়া একটি লেগুনায় ৩ থেকে ৪টি পেট্রলবোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।

এতে লেগুনাটিতে আগুন ধরে যায়। এ সময় লেগুনা থেকে লাফিয়ে নামার সময় লিটনকে পিছন থেকে অন্য একটি লেগুনা সজোরে ধাক্কা দিলে সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ে।

এমতবস্থায় অন্যান্য যানবাহগুলো দ্রুত সরে পড়ার সময় চলন্ত অবস্থায় অন্তত ৭টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। পরে হেলপার ও যাত্রীরা লেগুনাটির আগুন নিভিয়ে ফেলে।

এদিকে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে লিটনের জ্ঞান ফিরে আসলে তিনি জানান, হঠাৎ করে কয়েকজন দুর্বৃত্ত তাদের লেগুনাটিতে পেট্রলবোমা নিক্ষেপ করলে সে ভয় পেয়ে নামতে গেলে এ ঘটনা ঘটে।

এআর