নওগাঁর পত্নীতলা উপজেলায় দুই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
আজ বুধবার (২৬ জুলাই) পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে পত্নীতলা-সাপাহার সড়কের করমজাই নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, রাজারহাট উপজেলার রতিরাম গ্রামের জরিফ উদ্দিন মো. শাহিন ও কুড়িগ্রাম জেলার যোথগবরদান গ্রামের রহিম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, বুধবার ভোরে পত্নীতলা থেকে মাছ পরিবহনকারী এক পিকআপ ভ্যান সাপাহারের দিকে যাচ্ছিল। এ সময় সাপাহার থেকে আসা আম পরিবহনকারী এক পিকআপ ভ্যানের সঙ্গে ওই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আম পরিবহনকারী পিকআপের চালক ও সহযোগী গুরুতর আহত হন।
এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এবিএস





