চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ও নাজিরহাট পৌর এলাকায় পানিতে ডুবে ২ জনের মৃত্যু হয়েছে। তারা হলো সাকিব উদ্দিন (১৯) ও মো. সামির (৪)।
এর মধ্যে সোমবার সকাল ১০টায় ভূজপুর এলাকার হালদা নদী থেকে মো. সাকিব উদ্দিন ও দুপুর ১টায় নাজিরহাট পৌর এলাকার একটি পুকুর থেকে মো.সামিরের মরদেহ উদ্ধার করা হয়।
মারা যাওয়া কিশোর সাকিব ভূজপুর ইউনিয়নের সন্দিপ পাড়া গ্রামের মো. মাহবুবুল আলমের ছেলে। সে রাজমিস্ত্রির কাজ করতো।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মোঃ হেলাল জানান, নিহত মো. সাকিব উদ্দিন সকালে পেশাগত কাজে মির্জারহাট সংলগ্ন ব্রিজের পাশে অবস্থিত দোকানে যায়। পরে সে দোকান থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এরপর দোকানের অন্য শ্রমিকেরা তার খোঁজে বের হলে মির্জারহাটের পাশে হালদায় ভাসমান অবস্থায় সাকিবকে দেখতে পান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে পানিতে ডুবে মারা যাওয়া শিশু মো. সামির নাজিরহাট পৌরসভাধীন পূর্ব সুয়াবিল এলাকার মো. মোতাহেরের পুত্র।
স্থানীয়রা জানান, সামির ঘরের পাশে খেলছিল। এসময় হঠাৎ করে সে পুকুরে পড়ে যায়। পরে তাকে পুকুরে ভাসতে দেখে স্বজনরা। এরপর তারা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করে।
ওএফ





