বগুড়ার আদমদীঘি গাদোঘাট গ্রামে খেলানা ঢেঁকি দিয়ে আঘাত করে ভাবি রীনাকে (২৫) হত্যার অভিযোগ পাওয়া গেছে দেবরের বিরুদ্ধে। এ ঘটনায় দেবর জামিল উদ্দীন চঞ্চলকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ।
এ ব্যাপারে শনিবার দুপুরে গৃহবধূর বাবা আলাউদ্দীন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। জামিল উদ্দীন চঞ্চল গাদোঘাদ গ্রামের জামাল উদ্দীনের ছেলে।
আদমদীঘি থানার অফিসার ইন চার্জ (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আদমদীঘির কুন্দ্রগ্রাম ইউনিয়নের গাদোঘাট গ্রামের জাহিদুল ইসলামের সঙ্গে দুপচাঁচিয়া উপজেলার খিয়াল গ্রামের আলাউদ্দীনের মেয়ের রিনার ছয়-সাত বছর আগে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে চার বছরের একটি কন্যাসন্তান আছে।
গত শুক্রবার দুপুর ১টায় পারিবারিক কলহের জের ধরে দেবর ও ভাবির মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে জামিল হোসেন চঞ্চল ক্ষিপ্ত হয়ে বাচ্চাদের খেলনা কাঠের ঢেঁকি দিয়ে রীনার মাথায় আঘাত করে। এতে রীনা আহত হলে প্রথমে তাকে বগুড়া সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।
মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
ঢাকা, ১৪ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





