ব্রাহ্মণবাড়িয়ায় জহিরুল হক (৪৮) নামে এক সার ও কীটনাশক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৮টার দিকে পৌর এলাকার দারিয়াপুর রেলগেটের কাছে এ ঘটনা ঘটে।
জহিরুল সদর উপজেলা পয়াগ গ্রামের বাসিন্দা। এ সময় কবির হোসেন নামে তার আরেক ভাইকে কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় ২ হামলাকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনুর রহমান বলেন, ‘শহরের জগত বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে জহিরুল হক ও তার ভাই কবির হোসেন অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। দারিয়াপুর রেলগেট এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাদের কুপিয়ে আহত করে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জহিরুলকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, পয়াগ গ্রামের সিরাজ মেম্বার ও বসু মিয়ার মধ্যে পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমএনজে





