নারায়ণগঞ্জে সংসদ সদস্য কর্তৃক শিক্ষককে কান ধরে উঠবস করানোর ঘটনায় তদন্ত কমিটির রিপোর্ট আসার পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।

তিনি বলেন,একজন শিক্ষকের প্রতি এমন আচরণ কখনো হতে পারে না। সেই জন্যই আমরা গুরুত্ব সহকারে সাথে সাথে তদন্ত কমিটি পাঠিয়ে দিয়েছি। তারা ইনকোয়ারি করতে সময়তো লাগবে, একটা দিন লাগবে, একটা রাত লাগবে। এটার ব্যাপারে আমরা আমাদের প্রতিক্রিয়া সাথে সাথে জানিয়েছি। আপনারাও প্রকাশ করেছেন। এখনও আবার বললাম, রিপোর্টটা আসলে আমরা অ্যাকশন নিব।”

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

লাঞ্চিত ওই শিক্ষককে চাকরিচ্যুত করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আমরা করি নাই, করতেও বলি নাই, না করতেও বলি নাই। তদন্ত (কমিটি) এই জন্যই করা হলো। যে কোনো বিষয়ে পদক্ষেপ নিতে গেলে আমাদের নিয়ম-নীতি, বিধি-বিধান অনুসরণ করে না করলে সেটা আপনারাই চ্যালেঞ্জ করবেন।তদন্ত কমিটির রিপোর্ট দ্রুতই চলে আসবে বলে আমরা আশা করছি। আসার সাথে সাথে পদক্ষেপ নেব।”

এর আগেও বিভিন্ন সময় শিক্ষক লাঞ্ছনার অনেক ঘটনায় বিচার না হওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শিক্ষামন্ত্রী বলেন, “এই সমাজে অপরাধ বা এই ধরনের কার্যক্রম আছে। আমরা সমাজ থেকে আলাদা দ্বীপ না। সমাজেই বসবাস করি। এই ধরনের বিষয়গুলো শিক্ষা পরিবারে নানাভাবে ঘটে।

নূরুল ইসলাম নাহিদ বলেন, সমাজের থেকে আমরা আলাদা না। সমাজের মতো ঘটনা এখানে ঘটে। আমরা যথাসম্ভব এগুলোকে অ্যাড্রেস করি। বিধি-বিধান মেনে সিদ্ধান্ত না নিলেতো সেটাকে টিকিয়ে রাখতে পারব না।

ওএফ