জাতীয় মাবনাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, আদিবাসীদের নিয়ে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ভুল ব্যাখা দিয়েছেন। আমি বুঝতে পারছি না তারা কেন এমন মন্তব্য করেছেন।
মঙ্গলবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুস্থিত জাতীয় সেমিনারে এ কথা বলেন তিনি। ‘আদিবাসী অধিকার উপলদ্ধি এবং আইএলও কনভেনশন, ১৬৯’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে
জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচসি) ও বাংলাদেশ আদিবাসী ফোরাম (বিআইপিই)।
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন বিষয়ে সরকার ও আদিবাসীদের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে তা কমিয়ে আনতে কাজ করতে চান ড. মিজানুর রহমান। শান্তিচুক্তির শর্তগুলো বাস্তবায়নের মাধ্যমে তিনি উভয়ের মধ্যে দূরত্ব কমিয়ে আনবেন।
মাবনাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, আমি বুঝতে পারছি না ‘আইনমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আদিবাসীদের বিষয়ে কেনো এমন মন্তব্য করেছেন। আজ আদিবাসীরা যদি এর বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করে তাহলে দেশের অবস্থা কী হবে?’
তিনি  বলেন, ‘জাতিসংঘ থেকে শুরু করে সব জায়গায় আদিবাসীদের অধিকার নিয়ে জাতীয় মানবাধিকার কমিশন সুপারিশ করে আসছে। জাতীয় মানবাধিকার কমিশন আইন পন্থা ও নীতির প্রশ্নে কখনো আপোষ করে না।’
ড. মিজান বলেন, ‘জাতীয় মানবাধিকার কমিশন সরকার ও আদিবাসীদের মধ্যে পারস্পরিক যে দূরত্ব সৃষ্টি হয়েছে তা কমিয়ে আনতে কাজ করবে। আমরা চাই না দুটি পক্ষের মধ্যে দূরত্ব থাকুক।’
তিনি বলেন, ‘আমার কষ্ট হয় যখন আমার নিজ জন্মস্থান গাইবান্ধায়ও ঢোকার পথে জেলখানা চোখে পড়ে। আরও বেশি কষ্ট হয় যখন অন্য আরো একটি শহরে ঢোকার পথে (পাবর্ত্য চট্টগ্রামে) সেনানিবাস অতিক্রম করতে হয়। রাষ্ট্রের এমন কদর্জ চেহারা আমরা দেখতে চাই না।’
তিনি আরো বলেন, ‘ইতোমধ্যে আমরা জানতে পেরেছি রামুতে একটি সেনানিবাসের জন্য ১৬শ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।’ এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
শান্তিচুক্তি বাস্তবায়ন ও মানবাধিকার বিষয়ে সুপারিশ গ্রহণে আগামী ৩১ মে রাঙামাটিতে আলোচনা সভার আয়োজন করা হচ্ছে। আলোচনায় উত্থাপিত বিষয়গুলো সংশ্লিষ্টদের নজরে দেয়া হবে বলে জানান তিনি।
সেমিনারে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা, সংসদ সদস্য ফজলুর হোসেন বাদশা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস, আশা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. ডালিম চন্দ্র বর্মন প্রমুখ অংশ নেন।
[b]ঢাকা, ২৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]