বিএনপিকে অবরোধ প্রত্যাহারের অনুরোধ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি। ধর্মহীনতায় নয়। কাজেই ধর্মহীনতায় যারা বিশ্বাস করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে জেলা পুলিশ কন্ট্রোল রুমের সামনে শুক্রবার দুপুরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘বিএনপির অবরোধের কারণে মুসল্লিদের ইজতেমা ময়দনে আসতে অনেক সমস্যা হয়েছে। তারপরও অনেক কষ্ট করে কিছু দূর হেঁটে ও কিছু দূর গাড়িতে নানা প্রতিকূলতা অতিক্রম করে ইজতেমায় ময়দানে এসেছেন তারা। আমরা বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছিলাম। কিন্তু অবরোধকারীরা রেললাইনও উপড়ে ফেলেছিল। তা দ্রুত মেরামতের কাজ চলছে। মুসল্লিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। অবরোধের কারণে তাদের যে কষ্ট হয়েছে তা দুঃখজনক।’
মন্ত্রী বলেন, ‘১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর টয়লেট, পানি, রাস্তাঘাট, মুসল্লীদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধাসহ বিভিন্ন বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে সরকার। ’
মন্ত্রী বলেন, ‘সবচেয়ে দুঃখজনক হলো বিএনপিপন্থী হিসেবে পরিচিত এক বুদ্ধিজীবী বলেছেন, মুসল্লীরা নাকি টঙ্গীতে পিকনিক করতে আসে। আমি তার বক্তব্যের তীব্র নিন্দা জানাই। ধর্ম বিরোধী কথা বলায় আমরা একজন মন্ত্রীকে দল থেকে বহিষ্কার করেছি। মন্ত্রিসভা থেকেও তাকে বাদ দিয়েছি। বিএনপি যদি ইসলামকে বিশ্বাস করে তারাও ওই বুদ্ধিজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ’
জেআই





