প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেন, ভৈরব নদ ও আতাই ,নদীর উপর সেতু নির্মান হলে তেরখাদা ও নড়াইল জেলার কালিয়া উপজেলার যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি এতদাঞ্চলের অর্থনীতিতে গতিশীলতা আসবে।

আজ খুলনায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয়ে সংশিষ্ট কর্মকর্তাদের সাথে প্রস্তাবিত ভৈরব নদের উপর নগরঘাটা সেতু ও আতাই নদীর উপর আড়ওয়া সেতু সম্পর্কে আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপকল্প ২০২১ অর্জনে যোগাযোগসহ প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে কাজ করছেন। বঙ্গবন্ধুর আদর্শকে আকড়ে ধরে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

তিনি আরও বলেন, দক্ষিণাঞ্চলের সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন সড়কগুলো জরুরী ভিত্তিতে সংস্কার করার জন্য সংশিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। অচিরেই এই সড়কগুলোর সমস্যা নিরসনে কাজ করা হবে।

উল্লেখ্য, প্রস্তবিত নগরঘাটা সেতুর দৈর্ঘ্য হচ্ছে ৬২৫ মিটার এবং আড়ওয়া সেতুর দৈর্ঘ্য ৮০০ মিটার। নগরঘাটা সেতু নির্মাণে ২৮৮৩৮ দশমিক ১০ লাখ টাকা ও আড়ওয়া সেতু নির্মাণে ৩৬৯১২ দশমিক ৭৭ লাখ টাকা প্রাক্কলন ব্যয় ধরা হয়েছে ।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. রুহুল আমীন,তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফকির আবদুর রব, নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, যশোরের নির্বাহী প্রকৌশলী মেহেদি ইকবাল, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মামুন কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিউল আলম।

মামুন/এআই