ফেনীতে অবরোধকারীদের ছোড়া পেট্রলবোমা হামলায় বাচ্চু হওলাদার (২৮) নামে এক কাভার্ড ভ্যানের হেলপার দগ্ধ হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় এই বোমা হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা থেকে শিপমেন্টের মালামাল নিয়ে বাচ্চু একটি কার্ভাড ভ্যান যোগে চট্টগাম যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে কার্ভাড ভ্যানটি ফেনীর রামপুর এলাকায় পৌঁছায়। এসময় অবরোধকারীরা তাতে পেট্রলবোমা ছুঁড়ে মারে।
এতে কাভার্ড ভ্যানে আগুন ধরে গেলে বাচ্চুর মুখ ও হাত ঝলসে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
দগ্ধ বাচ্চু হাওলাদারের বাবার নাম ছহমদ হাওলাদার। ঝালকাঠি জেলার রাজাপুর থানার পটিয়াখালী গ্রামে তাদের বাড়ি বলে জানা গেছে। পুলিশ এ ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি।
কেএইচ





