দেশের নদী ভাঙ্গন, বন্যা নিয়ন্ত্রণ, নদী সংযোগ ও ভূমি উত্তোলনের সমস্যার সমাধান নিজস্ব অর্থায়ন ও শক্তি দিয়ে সম্ভব বলে দাবি করেছেন প্রকৌশলী মনিরুল আলম।
বুধবার দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে নিজ উদ্যোগে সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিজেকে প্রকৌশলী দাবি করে মনিরুল আলম বলেন, দেশের নদী ভাঙ্গন, বন্যা, নদী সংযোগ ও ভূমি উত্তোলন একই সূত্রে গাথা। এগুলো সঠিক পরিকল্পনা নিয়ে পদক্ষেপ নিলে সমস্যার সমাধান করা যাবে। তবে তা অবশ্যই দক্ষতার সঙ্গে সম্পাদন করতে হবে।
তিনি বলেন, প্রাকৃতিক এসব দূর্যোগের ফলে আমাদের দেশে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। কিন্তু গতানুগতিক কিছু পদক্ষেপ নেয়া হচ্ছে, ফলাফল যে দূর্ভোগ ছিল সেটাই থেকে যাচ্ছে।
মনিরুল আলম এসব সমস্যার সমাধানে উন্নত বিশ্বের দেশ থেকে অবকাঠামো নির্মাণের প্রযুক্তিগত অভিজ্ঞতা ও নির্মাণ সামগ্রী নিয়ে নিজেদের মতো করে পরিকল্পনা করে বাস্তবায়নের পরামর্শ তুলে ধরেন।
নিজস্ব অর্থায়ন বলতে তিনি মূলত নিজেদের উদ্যোগ বিশেষ করে যারা বছরের পর বছর আর্থিক ও মানবিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের সহযোগিতা দরকার হবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বেসরকারী সংস্থা প্রচেষ্টার নির্বাহী পরিচালক কাজী মনিরুজ্জামান মনির,পল্লী সেবা সোসাইটির নির্বাহী পরিচালক কে এম রকিবুল ইসলাম রিপন,মানবাধিকার কর্মী মাসুম বিল্লাহ,এ্যাড লিটন প্রমুখ।
এমআইএস/ইআর





