চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গর এলাকায় একটি ইঞ্জিন চালিত বোটে অভিযান চালিয়ে ১৫ লাখ ইয়াবা উদ্ধার করেছে নৌবাহিনীর এন্টি স্মাগলিং সেলের সদস্যরা। উদ্ধারকৃত ইয়াবাসমূহের আনুমানিক মূল্য প্রায় ৮৩ কোটি টাকা।
বৃহস্পতিবার ভোরে এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়, যা সাম্প্রতিককালে দেশে উদ্ধারকৃত ইয়াবার সবচেয়ে বড় চালান। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বাংলাদেশ নৌবাহিনীর এন্টি স্মাগলিং সেলের প্রধান কমান্ডার এম আতিকুর রহমান (পিএসসি-বিএন) এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
তিনি জানান, চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গর ও তৎসংলগ্ন এলাকায় নিয়মিত টহল প্রদানকালে গোপন সংবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এফবি রাজিব নামে ইঞ্জিনচালিত বোটটির গতিবিধি সন্দেহজনক হলে নৌবাহিনীর টহল দলের সদস্যরা বোটটিকে ধাওয়া করে। এসময় মাঝিরা নৌসদস্যদের উপস্থিতি টের পেয়ে বোটটি বন্দরের বহি:নোঙ্গর এলাকায় ১ নম্বর বয়ার কাছে পারকি সৈকতে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে এন্টি স্মাগলিং এর সদস্যরা বোটটিতে তল্লাশি চালিয়ে ইয়াবাসমূহ উদ্ধার এবং বোটটি জব্দ করে।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ইয়াবাসমূহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং বোটটি স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে সমুদ্র এলাকা ও বহি:নোঙ্গরে অবৈধ মাদক পাচার, চোরাচালান, মানবপাচার বৃদ্ধি পাওয়ায় তা রোধকল্পে বাংলাদেশ নৌবাহিনীর একাধিক অপারেশান্স দল ও জাহাজ সার্বক্ষণিকভাবে নিয়োজিত রয়েছে। (বিজ্ঞপ্তি)
কেএইচ





