দেশের মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহব্বান জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি।

শুক্রবার রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের শয্যা ২৬০ এ উন্নীত করা উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহব্বান জানান।

বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যন ডাঃ মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম এ কবির, প্রধান নির্বাহী কর্মকর্তা আল-এমরান চৌধুরী প্রমুখ।

খ্যাতিমান বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ফ্রি-মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের কর্মসূচি।

পরে প্রধান অতিথি ও আগত অন্যান্য অতিথিদের উপস্থিতিতে বেলুন উড়ানো, ফিতা কাটা ও কেক কাটার মধ্যদিয়ে হাসপাতালের ২৬০ শয্যার আনুষ্ঠানিক যাত্রার উদ্বোধন হয়। একই সময় ‘আমাদের কথা’ নামক একটি ম্যাগাজিনের মোড়কও উন্মোচন করেন অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নুর বলেন, দেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে সিকিৎসা সেবার গুরুত্ব অনস্বীকার্য। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশও চিকিৎসা সেবায় এগিয়ে যাচ্ছে। চিকিৎসা সেবায় যুগান্তকারি সাফল্য ও অর্জন হয়েছে আমাদের। সেই সাথে তিনি দেশ ও দেশের মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসারও আহবান জানান।

সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানটির চেয়ারম্যন ডা. মাহবুবুর রহমান বলেন, এ দেশের গণমানুষের কল্যাণে আমাদের এ প্রতিষ্ঠান। শুধুমাত্র বানিজ্যিক উদ্দেশ্যেই এই প্রতিষ্ঠানের যাত্রা হয়নি। সাশ্রয়ী মূল্যে সর্বাধুনিক চিকিৎসা সেবা প্রদানই আমাদের মূল লক্ষ্য।

ইতোমধ্যে আমাদের হসপিটাল মানুষের আস্থা অর্জন করে উল্লেগযোগ্য সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। যার ধারাবহিকতা ধরে রাখার পাশাপাশি চিকিৎসা সেবায় প্রতিষ্ঠানটি আরো অনেক দূর এগিয়ে যেতে চায়।

হাসপাতালের নির্বাহী কর্মকর্তা এম. এইচ. কাউছার শিশির বলেন, সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয় মাত্র আড়াই বছর আগে।

প্রতিষ্ঠানটি বয়সে অনুজ হলেও সেবার গুণগতমান ও বিগত সময়ের ধারাবাহিক সাফল্যের কারনে চিকিৎসা সেবায় সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। সর্বশেষ প্রধান নির্বাহী কর্মকর্তা আল-ইমরান চৌধুরীর ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মুকুল/এএস