ভোক্তা পর্যায়ে ফের গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৪টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।

গ্যাসের দাম বেড়ে কত হচ্ছে এবং কবে থেকে বর্ধিত দাম কার্যকর হবে তা সংবাদ সম্মেলনে জানানো হবে।

জানা গেছে, আবাসিক খাতে ব্যবহৃত ডাবল বার্নার চুলায় ৬৫০ টাকার পরিবর্তে এক হাজার টাকা, সিঙ্গেল বার্নার চুলায় ৬০০ টাকার পরিবর্তে ৮০০ টাকা এবং গাড়ির গ্যাস প্রতি ঘনমিটার ৩৫ থেকে ৪০ টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে। শুধু আবাসিক এবং সিএনজিতেই নয়, সব শ্রেণির গ্রাহকদের গ্যাসের দামই বাড়াবে সরকার।

বিইআরসির তথ্যমতে, গ্যাস বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাব অনুযায়ী পেট্রোবাংলা গড়ে ৯০ শতাংশেরও বেশি বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। তবে পেট্রোবাংলার প্রস্তাব অনুযায়ী দাম বাড়ছে না।

প্রসঙ্গত, সর্বশেষ ২০১৫ সালের ১ সেপ্টেম্বর থেকে আবাসিকসহ কয়েকটি শ্রেণির গ্রাহকের গ্যাসের দাম বাড়ানো হয়। তখন ২ চুলার বিল ৪৫০ টাকা থেকে বাড়িয়ে ৬৫০ এবং ১ চুলার বিল ৪০০ থেকে বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছিল।

এমবি