পূর্ব সুন্দরবনের তাম্বুলবুনিয়া এলাকা থেকে মুক্তিপণের দাবিতে সাত জেলেকে অপহরণ করেছে বনদস্যু সামছু বাহিনী।
অপহৃত জেলেদের কাছে মুক্তিপণ বাবদ জনপ্রতি ২০ হাজার টাকা করে দাবি করেছে এই দস্যু বাহিনী। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
জেলে-মহাজন সূত্র জানায়, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তাম্বুলবুনিয়া এলাকায় শুক্রবার ভোরে মাছ শিকার করছিল জেলেরা। এ সময় সেখানকার জেলেবহরে হামলা ও লুটপাট চালায় বনদস্যু সামছু বাহিনী।
দস্যুরা জেলেদের ট্রলারে থাকা মাছ, জালসহ অন্যান্য মালামাল লুটে নেওয়ার পাশাপাশি জনপ্রতি ২০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে সাত জেলেকে অপহরণ করে নিয়ে যায়।
অপহৃত জেলেদের বাড়ী বাগেরহাটের শরণখোলা উপজেলা এলাকায়। অপহৃতরা শরণখোলার জাকির দর্জি ও জাহাঙ্গীর মেম্বরের জেলে।
জেলে অপহরণের বিষয়ে কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লে. এম ফরিদুজ্জামান বলেন, জেলে-মহাজনের পক্ষ থেকে আমাদের জানানো হলে কিংবা অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএনজে





