কিশোরগঞ্জে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক কৃষক নিহত হয়েছে। নিহত কৃষকের নাম খোকন মিয়া (৪৫)। এসময় আহত হন আফজাল হোসেন (২২) নামে এক যুবক।

রোববার (২৬ মে) সন্ধ্যায় নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের ভাটিভড়াটিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

আহত আফজাল হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, ভাটিভড়াটিয়া গ্রামের তাহের ও দয়ালের লোকজনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে অনেকদিন ধরে বিরোধ ছিল। রোববার (২৬ মে) ইফতারের আগে শিশুদের ফুটবল খেলার বিরোধকে কেন্দ্র করে তাহেরের লোকজন খোকনের ভাতিজা মারুফকে ধরে নিয়ে যায়। এই খবর পেয়ে খোকনসহ তার আত্মীয়রা তাহেরের বাড়িতে গেলে দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। এসময় তাহেরের লোকজন আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান খোকন।

নিকলী থানার ওসি নাসির উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে বিভিন্নস্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।

এমবি