এবছর সাদকাতুল ফিতরার হার নির্ধারণ করা হয়েছে সর্ব নিম্ন ৬৫ থেকে সর্বোচ্চ ২০০০ টাকা। সোমবার সকাল ১১টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে সাদকাতুল ফিতর কমিটির এ সভা এটা নির্ধারণ করা হয়।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৪৩৫ হিজরি সনের সাদকাতুল ফিতরার হার নির্ধারণ সংক্রান্ত এ তথ্য জানানো হয়েছে।

কমিটির আহ্বায়ক জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকার বিশিষ্ট আলেমদের সমন্বয়ে গঠিত কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

গম বা আটা, খেজুর, কিসমিস, পনির বা যবের যে কোনো একটি পণ্যের ১ কেজি ৬৫০ গ্রামের বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করা যায়। এ সব পণ্যের বাজার মূল্য হিসাব করে গত বছর ফিতরা নির্ধারণ করা হয় সর্বনিম্ন ৬৬ টাকা থেকে সর্বোচ্চ এক হাজার ৯৮০ টাকা। এর আগের বছর সর্বনিম্ন ফিতরা ধরা হয়েছিল জনপ্রতি ৫৫ টাকা।

ইসলাম ধর্ম অনুযায়ী, ছোট-বড়, নারী-পুরুষ সকল মুসলিমের পক্ষ থেকে ফিতরা আদায় করা ওয়াজিব। একইভাবে ফিতরা ঈদের নামাযের আগেই বণ্টন করাও ওয়াজিব। ঈদের নামাযের পর পর্যন্ত দেরি করা জায়েয নয়। বরং ঈদের এক বা দুই দিন আগে আদায় করে দিলে কোনো অসুবিধা নেই।

ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই // এআর