একরাম হত্যার ৬ মাস ৪ দিন পর অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাত পেলো নিহত ফুলগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরামের স্ত্রী তাসমিন আক্তার ও তার পরিবার। এসময় একরাম খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

সোমবার রাতে প্রধানমন্ত্রীর সংসদ ভবন কার্যালয়ে তাদের এ সাক্ষাত হয় বলে মঙ্গলবার দুপুরে একরামের স্ত্রী তাসমিন আক্তার  জানান।

তিনি বলেন, ‘সোমবার রাতে প্রধানমন্ত্রীর সংসদ ভবন কার্যালয়ে সাক্ষাত করেছি। একরামের প্রকৃত খুনিরা এখনো ধরা ছোঁয়ার বাইরে রয়েছে এমন অভিযোগ করলে প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে মামলাটি দেখবেন এবং প্রকৃত খুনিদের ধরা হবে বলে আশ্বস্ত করেন।’

তাসমিন আক্তার আরও বলেন, ‘প্রধানমন্ত্রী একরাম হত্যার ঘটনাটি আগে থেকে ভালোভাবে জানতেন বলে আমাদের জানিয়েছেন।’

রাজনীতিতে আসার ব্যাপারে প্রধানমন্ত্রী আপনাকে কিছু বলেছে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এসব ব্যাপারে কিছুই বলেননি।’

সাক্ষাতকালে একরামের স্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন-একরামের বড় মেয়ে আফরা জারীন সবাহ (৭), নামিরা জারীন তাহা হক (১১ মাস), ছেলে আজমাইম তাজওয়ার হক (৮)।

গত ২০ মে সকাল ১১ টায় ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরামকে ফেনী শহরের একাডেমি এলাকার বিলাসী সিনামা হলের সামনে আওয়ামী লীগ নেতা ও সন্ত্রাসীরা প্রকাশ্যে দিনদুপুরে গুলি ও আগুনে পুড়ে হত্যা করে। একরাম হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ও র‌্যাব এ পর্যন্ত এজহারভুক্ত ৩১ জনকে গ্রেপ্তার করেছে। ১৬ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ মামলায় ৫৬ জনের নামে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

জেআই