মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে আজিজুল হক চৌকিদার (৩৪) নামের এক কৃষক নিহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে মাদ্রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি সুলতান চৌকিদারের ছেলে।
পুলিশ জানায়, মাদ্রা বাজার এলাকায় সন্ধ্যার পর একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন আজিজুল হক। ওই সময় অজ্ঞাত কয়েকজন তাকে ধাওয়া দিলে পাশের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি।
মাদারীপুরের পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম জানান, দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে ওই কৃষকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেইউ