ডেমরায় সাহিদ (৪০) নামে এক ব্যক্তি তার শ্বশুরকে কুপিয়ে জখম করেছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাবাসী সাহিদকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
এদিকে গুরুতর রক্তাক্ত অবস্থায় শ্বশুর মো. আলী হোসেনকে (৫৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।
জামাই সাহিদ ডেমরার পাড়াডগাইর ফার্মের মোড় এলাকার আব্দুল অহিদ মিয়ার ছেলে।
তবে সাহিদ কেন এ কাজ করেছে তার কোন সঠিক কারণ জানাতে পারেনি প্রত্যক্ষদর্শীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত পৌনে ৯টার দিকে হঠাৎ সাহিদ কোনাপাড়া সিরাজউদ্দিন রোডে তার শ্বশুর বাড়ির সামনে রাস্তায় এসে আলী হোসেনের উপর অতর্কিতে হামলা চালায়। এ সময় সাহিদের সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে আলী হোসেনের গলায় ও পেটে কুপিয়ে জখম করে।
এ বিষয়ে কোনাপাড়া ফাঁড়ির ইনচার্জ এসআই আজিফ বলেন, সাহিদকে আটক করা হয়েছে, তবে সে বিষয়টি অস্বীকার করছে।
কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছেন ঘটনাটি সাহিদ ঘটিয়েছে। এ বিষয়ে শ্বশুর আলী হোসেনের সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যোগাযোগের চেষ্টা চলছে।
তবে পারিবারিক কলহ থেকে এমন ঘটনা ঘটতে পারে বলেও জানিয়েছেন এসআই আজিফ।
এমই





